সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার, কারাদণ্ড

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৮

শেয়ার

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার, কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত একজনকে এক মাস এবং অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মোঃ নয়ন মিয়া ও মোঃ সাইদুর মন্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নয়ন মিয়া মহেশপুর উপজেলার জলিলপুর (মাঠপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে। অপর যুবক সাইদুর মন্ডল উপজেলার লেবুতলা গ্রামের কাশেম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে অপরাধ স্বীকার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

পরে আদালত মোঃ নয়ন মিয়াকে এক মাসের এবং মোঃ সাইদুর মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে সাজা পরোয়ানাসহ ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।