সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৪

শেয়ার

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার দুপুরে টুনিরহাট- ভাউলাগঞ্জ সড়কের পানিডুবি বাজারে মানববন্ধন করেছে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তব্যে,মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট লাভলী বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। হঠাৎ করে গত শনিবার ময়জউদ্দিন মাদ্রাসার জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির তৈরি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। জমি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মাদ্রাসাটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এছাড়াও দোকানের সামনে বালু ফেলায় ব্যবসায়ী তফিজ উদ্দিন,ইউসুফ আালীসহ অনেকে বক্তব্য দেন।

জানা যায়, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৩ বছর ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে। নিয়মিতভাবে ওই জমির খাজনাও পরিশোধ করে আসছে কর্তৃপক্ষ। মাদরাসার পক্ষ থেকে বলা হচ্ছে, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের পিতা মহিরউদ্দিন ওই জমি মাদরাসার নামে দান করেন। কিন্তু হঠাৎ করে এসে গত শনিবার বালু ফেলতে শুরু করেন ময়জউদ্দিন। এতে বন্ধ হয়ে যায় প্রায় ১০ টি দোকান।

অভিযোগের বিষয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোন প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। সেই জমিটির দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি জমিটি আমাদের। গত শনিবার জমিটা আমরা দখল করছি৷

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ঘটনাটি পরিষ্কার হবে।