সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

ভারতে প্রবেশের চেষ্টা, নির্বাচন অফিসের কর্মচারী আটক

আব্দুল মুহিন,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১০

শেয়ার

ভারতে প্রবেশের চেষ্টা, নির্বাচন অফিসের কর্মচারী আটক
ছবি: বাংলা এডিশন

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোংলামবস্তি চা বাগানসংলগ্ন সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্তকে আটক করে বিজিবির টহলদল।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে সুশান্ত আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।