ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক বহনে ব্যবহৃত ছয়টি পাটের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার রাতে বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৮:৫০ মিনিটে এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় অভিযান চালিয়ে মো. মোহন মিয়াকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। এরপর তার দেখানো মতে ছয়টি পাটের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন, খাকি রঙের স্কচটেপ ও গোলাপি রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোহন মিয়া বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছে, সে এবং পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ২-৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও পরিবহন প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







