শেরপুরের শ্রীবরদীতে পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া ইউনিয়নের কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহতের সঙ্গে সর্বশেষ থাকা একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের বাবা মন্টু মিয়া জানান, রোববার সকালে মাছ ধরার জন্য কালু বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে পুকুরে তার মরদেহ পাওয়ার খবর পান তারা।
শ্রীবরদী থানার ওসি মো. নুরল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







