নেত্রকোণার পূর্বধলায় জনবহুল বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খলিশাউড় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন আবু বকর সিদ্দিক। সম্প্রতি খলাপাড়া শেখবাড়ী জামে মসজিদে মাইক কেনার জন্য তিনি ৪ হাজার টাকা অনুদান দেন। পরে একই কাজে অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ ৫ হাজার টাকা অনুদান দেন। এ নিয়ে সিদ্দিক মসজিদ কমিটির সদস্যদের কাছে ভোটের বিষয়ে জানতে চান। একপর্যায়ে তাঁর দেওয়া অনুদানের টাকা ফেরত চাইলে মসজিদ কমিটি তা ফেরত দেয় বলে স্থানীয়রা জানান।
এরপর সিদ্দিক তাঁর লাগানো ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে তিনি ইচুলিয়া বাজারের মধ্যে গিয়ে পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন বলে তাঁদের দাবি। এতে বাজারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করে। পরে অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এ সময় তাঁর ছোট ভাই অনলাইন ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর আল আমিনের পূর্বধলা বাজারের স্টেশন রোডের বাসাতেও তল্লাশি চালানো হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, আবু বকর সিদ্দিক জেলা তাঁতী দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন বলেন, আবু বকর সিদ্দিক সংগঠনের সহ-সম্পাদক পদে রয়েছেন। তিনি বলেন, “তদন্ত করে এ ধরনের ঘটনা সে ঘটিয়ে থাকলে কেন্দ্রীয় সংগঠনকে অবহিত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, “ঘটনায় যার নাম এসেছে, আবু বকর সিদ্দিকের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাঁকে আটকের চেষ্টা চলছে।”
আরও পড়ুন:







