গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা।
শ্রমিকরা জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পপুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আরও পড়ুন:







