নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ (১৯) ও তাঁর স্ত্রী মনি রানী (১৮) নিহত হন। তাঁরা ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশ ও মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ুন কবির (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে।
সাইকেলে করে বাজারে যাওয়ার পথে একটি ট্রাক হুমায়ুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:







