মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর গোলচক্কর এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ আল্টিমেটাম দেন।
আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণের ঘটনা সারাদেশের সাংবাদিকদের উদ্বিগ্ন করেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে। সাংবাদিক হত্যা, নির্যাতন ও গুলিবর্ষণের মতো ঘটনা নিয়মিতভাবে এ পেশার সঙ্গে যুক্ত হচ্ছে। অথচ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে রাষ্ট্রযন্ত্রের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকার আসে, আবার চলে যায়; কিন্তু ১৯৭১-এর পরবর্তী কোনো সরকার সাংবাদিকদের জন্য কল্যাণকর আইন প্রণয়ন করেনি। মিরপুরের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা দেশের সাংবাদিকদের ভাবিয়ে তুললেও সরকারের তাতে কোনো কার্যকর উদ্যোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে সাংবাদিক নেতাদের বক্তব্য
সমাবেশে বক্তব্য দেন গুলিবর্ষণের শিকার সাংবাদিক প্রান্ত পারভেজ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহসভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভুইঁয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদ প্রমুখ।
সমাবেশটি উপস্থাপনা করেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজা।
আরও পড়ুন:







