রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

অপ্রতিম হত্যা: চার আসামি গ্রেপ্তার, সংবাদ সম্মেলনে এসপি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৬

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪

শেয়ার

অপ্রতিম হত্যা: চার আসামি গ্রেপ্তার, সংবাদ সম্মেলনে এসপি
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), মো. কামরুল হাসান (১৫) ও মো. সিয়াম (১৫)।

রবিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

অপ্রতিমকে হত্যার বর্ণনায় পুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেল ৫টা-৬টার দিকে ওই জঙ্গলে আইফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর প্রথমে তুহিন, পরে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে ফোন নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

আসাদুজ্জামান বলেন, জিডির ভিত্তিতে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করা হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে জঙ্গলে নিয়ে যায়। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে, আইফোন ছিনিয়ে নিতেই তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এর সঙ্গে যুক্ত ছিল ফাহাদ। পরে ফাহাদকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায়, কামরুলও জড়িত ছিল। এরপরই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে আইফোন উদ্ধার করা হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন বলোও জানান তিনি।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তুহিনসহ কয়েকজনকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

রবিবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি জানান তারা। পরে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।