রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সবুজায়নের আহ্বান ডিআইজি জাহিদুল হাসানের

মোঃ আরিফুল ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৬

শেয়ার

শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সবুজায়নের আহ্বান ডিআইজি জাহিদুল হাসানের
ছবি: বাংলা এডিশন

পরিবেশ রক্ষা ও সবুজায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নেত্রকোণায় পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে গাছের উপকারিতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব তুলে ধরেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

রবিবার সকালে নেত্রকোণা পুলিশ লাইন্স স্কুলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণার উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, (বিপিএম-সেবা)। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নেত্রকোণার সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমি।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মাটি সংরক্ষণসহ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেটির নিয়মিত যত্ন নেওয়া উচিত।

তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার পরামর্শ দেন।

পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’-এই মূলমন্ত্রকে সামনে রেখে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ আরিফুল ইসলাম