ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকার মৃত হিরু মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৮) এবং একই এলাকার নাজমুল হকের ছেলে মো. দিনাজ (৩০)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কালীবাড়ি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে, শিমরাইলকান্দি এলাকায় একটি দোচালা টিনশেড গোয়ালঘরের ভেতরে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদস্যরা আনুমানিক দুপুর ১:৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তাদের দেখানো মতে তল্লাশি চালানো হয়। এ সময় মো. জুয়েল মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. দিনাজের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে আরও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত ইয়াবা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:


.jpg)




