শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় একটি প্রাইভেটকার। পরে গাড়িটি উদ্ধারের সময় ভেতর থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই যাত্রীকে আটক করা হয়েছে। তবে এর আগেই কৌশলে পালিয়ে যায় গাড়ির চালক।
শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার গাবতলী এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) ও সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নালিতাবাড়ী থেকে মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। বালুয়াকান্দা বাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায় গাড়িটি। এতে অটোরিকশার চালকসহ প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে এলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে প্রাইভেটকারটি উদ্ধারের সময় ভেতরে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকটি বোতল ভেঙে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:







