শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

অপ্রতিম হত্যার প্রকৃত আসামি না ধরা পর্যন্ত কাজ চলবে: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৩

শেয়ার

অপ্রতিম হত্যার প্রকৃত আসামি না ধরা পর্যন্ত কাজ চলবে: পুলিশ সুপার
ছবি সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের ছেলে অপ্রতিম হত্যার ক্লু শনাক্ত এবং প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত ননস্টপ কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, তদন্তে কিছু তথ্যপ্রযুক্তিগত বিষয়সহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে কিছুটা সময় প্রয়োজন। ঘটনাটি সবাইকে কাঁদিয়েছে। ছোট্ট নিষ্পাপ একটি শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি, ঘটনার মোটিভসহ সবকিছু খুব শিগগিরই তদন্ত করে জানানো হবে।

আটক ব্যক্তির মোবাইল ও প্রযুক্তিগত তথ্য যাচাই

এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তির মোবাইল, প্রযুক্তিগত তথ্য, লোকেশন এবং অপ্রতিমের অবস্থান—সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তি নির্দোষও হতে পারেন, আবার জড়িতও থাকতে পারেন।

তিনি বলেন, তদন্তের এ পর্যায়ে মূল হত্যাকারীরা যেন কোনো তথ্য পেয়ে আত্মগোপনে যেতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করা হচ্ছে।

এদিকে অপ্রতিমের মা অঝোরে কাঁদতে কাঁদতে তার ছোট্ট ছেলে কী অন্যায় করেছে, সে বিষয়ে জবাব চান। তিনি বলেন, তিনি কোনো বিচার মানেন না, তাকে উত্তর দিতে হবে।

জঙ্গল থেকে উদ্ধার অপ্রতিমের মরদেহ

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।