নির্বাচনের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার চেয়েও বেশি কাজ করে মানুষের ঘরে সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করব এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার ১৬টি ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন।
রাজীব আহসান বলেন, নারী কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা থাকবে. আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে এলাকার জনপ্রিয় ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব খুঁজে বের করে দলের কাছে প্রস্তাব দেয়ার জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেন তিনি। একই সঙ্গে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিদের দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিনসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







