গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারের সমালোচনা করা স্বাভাবিক ও গণতন্ত্রের সৌন্দর্যের অংশ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
শনিবার সকালে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সর্বকালের একটি নজিরবিহীন নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দল সরকারের যথেষ্ট সমালোচনা করছে এবং সরকারও এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে। সরকারের সমালোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে সরকারের সমালোচনা করবে—এটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “যৌক্তিক সমালোচনার কারণে কোথাও কোনো আইনি পদক্ষেপ নেওয়ার মতো ঘটনা আমি দেখতে পাইনি।”
কাবাডি আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ডিআইজি বলেন, “আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরী ও তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকের হাতছানি থেকে দূরে রেখে সঠিক পথে ও সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করা। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তৃণমূল পর্যায় থেকে যেন ভালো খেলোয়াড় তৈরি হয়, সে লক্ষ্যেও আমরা কাজ করছি।”
তিনি বলেন, সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। শিল্পায়ন, নগরায়ণ, তথ্যপ্রযুক্তির প্রসার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বৃদ্ধির কারণে কিশোর অপরাধও বাড়ছে। এসব অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সংগঠিত হয়ে পরিস্থিতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।
দুই দিনব্যাপী এ কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার ১০টি উপজেলার ১০টি বালক দল ও ৯টি বালিকা দলসহ মোট ১৯টি দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও আধুনিক বিভিন্ন খেলার জনপ্রিয়তার কারণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি ক্রমেই পিছিয়ে পড়ছে। নতুন প্রজন্মের মধ্যে কাবাডির প্রতি আগ্রহ তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







