শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

৬ মাসের সরকারের বিরুদ্ধে ‘তেল দে, গ্যাস দে, নাইলে গদি ছেড়ে দে’ এ স্লোগান মানায় না: এ্যানি

রাকিবুল ইসলাম (লক্ষ্মীপুর প্রতিনিধি)

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৫

শেয়ার

৬ মাসের সরকারের বিরুদ্ধে ‘তেল দে, গ্যাস দে, নাইলে গদি ছেড়ে দে’ এ স্লোগান মানায় না: এ্যানি
ছবি: বাংলা এডিশন

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে—নাইলে গদি ছেড়ে দে’—এ ধরনের মুখরোচক স্লোগান শেখ হাসিনার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এ ধরনের স্লোগান মানায় না।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘লংমার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন—তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছেড়ে দে। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।’

তিনি বলেন, ‘আমির সাহেব সংসদে বলেছেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সমস্যা একদিনের নয়, এটি বহুদিনের সমস্যা। এই সমস্যা আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার বাইরে লংমার্চ কেন?’

বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার বিরোধী দলের পক্ষে সম্ভব নয়। সরকার ও বিরোধী দল—সকলকে মিলেই দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লংমার্চ করেছি? তাঁরা সংসদে ভালো ভালো কথা বলে বাইরে লংমার্চ করছেন। এটি ফ্যাসিবাদের সরকার নয়। আবার এটি ফ্যাসিবাদী সরকারের পালিত বিরোধী দলও নয়।’

এ্যানি বলেন, ‘আমরা সবাই নির্বাচন—এটি আমাদের সকলের মনে রাখতে হবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রফেসর ননী গোপাল ঘোষ, প্রফেসর মো. ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।