রাজধানীর আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ঢাকার প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ আড়াই শ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।
অভিযানে ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৭৬ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক জব্দ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি জব্দ করেছে। এ ছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ এবং ৫৩টি পেরেক উদ্ধার করা হয়েছে।
অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, অন্যান্য মাদকদ্রব্য, একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







