শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

যশোরে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ, ভোট চলবে বিকেল তিনটা পর্যন্ত

কে এম জারিদুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪

শেয়ার

যশোরে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ, ভোট চলবে বিকেল তিনটা পর্যন্ত
ছবি: বাংলা এডিশন

যশোরে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম যশোরের মিডিয়া পাড়া। প্রেসক্লাব চত্বরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রবীণ সাংবাদিক। একজন দৈনিক প্রভাতফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত এবং অপরজন দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। দুই হেভিওয়েট প্রার্থীর সরাসরি লড়াইয়ে নির্বাচনী উত্তাপ বেড়েছে।

সহ-সভাপতির দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী।

এছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক: ত্রিমুখী লড়াই। প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক মানবজমিনের নূর ইসলাম, সময় টিভির জুয়েল মৃধা ও দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওয়াহাবুজ্জামান ঝন্টু।

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক: প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ও নিউ এজের সাইফুর রহমান সাইফ।

সদস্য পদ (৬টি): ৮ জন প্রার্থী। তারা হলেন- আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এসএম সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

এবার ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ দেওয়ায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। ভোটগ্রহণের জন্য প্রেসক্লাবের নিচতলায় শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে দুটি গোপন বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপি সেক্রেটার যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করিম। বিকেল ৩টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি।