শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

চুয়াডাঙ্গার হাতিকাটায় মাইক্রোবাসের নিচে পড়ে বৃদ্ধা নিহত

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৩

শেয়ার

চুয়াডাঙ্গার হাতিকাটায় মাইক্রোবাসের নিচে পড়ে বৃদ্ধা নিহত
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরদৌসী খাতুন ওই গ্রামের মানিকের স্ত্রী।

সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান জানান, শুক্রবার দুপুরে হাতিকাটা গ্রামে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান অফিসার ইনচার্জ মারুফ রহমান।