শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার চার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৪

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার চার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার কাজীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাজীপাড়ার জনৈক মো. ফারুক মিয়ার ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র আধাপাকা টিনশেড অফিসকক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত ৯:৪৫ মিনিটের দিকে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নবীনগর উপজেলার লাউফতেহপুর গ্রামের মৃত রাখাল বনিকের ছেলে রাজিব বনিক (৪১), শেরপুর গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো. ইয়াছিন বাবু (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিন সরকারের ছেলে মো. শাহিন সরকার (৪৮) এবং একই এলাকার মৃত ইউসুফ আলী শাহের ছেলে মো. রোমান শাহ (৪৭)।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তারা কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ায় উৎসাহিত করতেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এসআরবি-৯ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: