শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

তাহিরুল হাসান ফাহিম,শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২১

শেয়ার

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর
ছবি: বাংলা এডিশন

নবীনদের হাতে ফুল, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক উপকরণের পাশাপাশি তুলে দেয়া হয়েছে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই। আর এই বই উপহার দেওয়াকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে অন্যান্য উপহারসামগ্রীর সঙ্গে নবীনদের হাতে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি তুলে দেওয়া হয়। বইটির লেখক হিসেবে বিভিন্ন বইয়ের বিপণন ও প্রকাশনা সূত্রেও অধ্যাপক গোলাম আযমের নাম উল্লেখ রয়েছে।

গোলাম আযম ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৩ সালে তাকে দোষী সাব্যস্ত করে ৯০ বছরের কারাদণ্ড দেয়।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের একাংশ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীনবরণের মতো একটি অনুষ্ঠানে গোলাম আযমের লেখা বই উপহার দেওয়ার মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তির লেখনী ও সংশ্লিষ্ট মতাদর্শকে শিক্ষার্থীদের কাছে স্বাভাবিকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, নবীন শিক্ষার্থীদের আবেগ ও সরলতাকে ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক মতাদর্শকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তার প্রতিবাদ করা হবে।

তিনি বলেন, ক্যাম্পাসে যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড যেন মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে শেকৃবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রাফিউর রহমান রুহান বলেন, “একাত্তরের রণাঙ্গনের একজন প্রমাণিত অপরাধীকে যখন কেউ সাংগঠনিকভাবে উদযাপন করে অথবা তাঁর মতাদর্শকে সাংগঠনিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করে, তখন তাদের মুক্তিযুদ্ধের প্রতি সম্মান ও বাংলাদেশপন্থা নিয়ে প্রশ্ন তোলাই যায়।”

তিনি বলেন, “শেকৃবিতে ছাত্রশিবিরের গোলাম আযমের বই উপহার দেয়ার বিষয়টিকে আমি সেভাবেই দেখছি।”

নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বিতর্কিতভাবে যুক্ত একজন ব্যক্তিকে ‘কাল্ট’ হিসেবে উপস্থাপনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রুহান।

তবে বইটি উপহার দেয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে শেকৃবি শাখা ছাত্রশিবির। শাখা সভাপতি মেহেদী হাসান নাঈম বলেন, “অধ্যাপক গোলাম আযম একজন সম্মানীয় ব্যক্তি। তাঁর লেখনীও অনেক সহজ-সরল। বইটির বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই নবীন শিক্ষার্থীদের এটি উপহার দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ‘মনটাকে কাজ দিন’ বইটি গোলাম আযমের লেখা এবং বর্তমানে বইটি ইসলামি আত্ম-উন্নয়নমূলক বই হিসেবে বিভিন্ন বই বিক্রির প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রয়েছে।