শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে বাঁশখালী-পতেঙ্গায় ১,২৬০ বস্তা সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক দুই

শিব্বির আহমদ রানা,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯

শেয়ার

মিয়ানমারে পাচারকালে বাঁশখালী-পতেঙ্গায় ১,২৬০ বস্তা সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক দুই
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তবে বাঁশখালীতে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি। অভিযানে বোটটিও জব্দ করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের ওজন ২৫ হাজার ৫০০ কেজি। তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, দুই অভিযানে জব্দ করা সিমেন্টের মোট পরিমাণ ৬৩ হাজার কেজি বা ৬৩ মেট্রিক টন। জব্দ করা হয়েছে দুটি বোটও।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।