শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৪

শেয়ার

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শাওন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর-মহেশপুরগামী পাকা সড়কের পাশে লিখন মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে অভিযান চালায় দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ হান্নান ও সঙ্গীয় ফোর্স শাওনকে আটক করে। পরে তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে শাওনকে মহেশপুর থানায় নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা নম্বর-২৮, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার শাওন মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।