মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের আলোকে সমাজ গঠনের আহ্বান জানিয়ে যশোরে অনুষ্ঠিত হলো সীরাতুন্নবী (সা.) মাহফিল ও কাওয়ালী সন্ধ্যা।
বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হল মাঠ মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও তরুণ আলোচক মুফতি আলী হাসান উসামা।
তিনি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবিকতা ও আল্লাহভীতির অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মধ্যেই প্রকৃত শান্তি ও কল্যাণ নিহিত।”
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে নৈতিক অবক্ষয়, মাদক, পারিবারিক অশান্তি ও সামাজিক সংকট থেকে উত্তরণের জন্য সীরাত অধ্যয়ন অপরিহার্য। পরিবারে উত্তম আচরণ, ব্যবসায় সততা, প্রতিবেশীর অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, মহানবী (সা.)-এর সীরাত আমাদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে তাঁর জীবন ও চরিত্রের সঙ্গে পরিচিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আগামী ১০ অক্টোবর কেন্দ্র ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মাহফিলে আরও বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, ভিপি আব্দুল কাদের, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুজ্জামান।
মাহফিল শেষে সন্ধ্যায় একই মঞ্চে ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে এতে ইসলামী সংগীত ও কাওয়ালী পরিবেশন করেন অ্যাড. রোকনুজ্জামান, তারার মেলা শিল্পী গোষ্ঠী, যশোর সাংস্কৃতিক সংসদ ও তরঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
আরও পড়ুন:







