বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

রাস্তা বন্ধ করে ‘অবরুদ্ধ’ দুই পরিবার: নয় মাসেও মেলেনি সমাধান

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৭

শেয়ার

রাস্তা বন্ধ করে ‘অবরুদ্ধ’ দুই পরিবার: নয় মাসেও মেলেনি সমাধান
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শত বছরের পুরোনো চলাচলের রাস্তা ও সরকারি গোপাট বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় নয় মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন দুটি পরিবার। রাস্তা বন্ধ থাকায় হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তায় গাছের ডালপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না স্থানীয় দুই পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকীনগর এলাকায়।

ভুক্তভোগী রবীন্দ্র সূত্রধরের অভিযোগ, তাদের বাড়ির সামনে দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসা রাস্তা ও সরকারি গোপাট প্রতিবেশী রাখাল সূত্রধর এবং তাঁর পরিবারের সদস্যরা বন্ধ করে দিয়েছেন। প্রায় নয় মাস ধরে এ অবস্থার কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজয়নগর থানায় পৃথক লিখিত অভিযোগ দেন রবীন্দ্র সূত্রধর। লিখিত অভিযোগে রাস্তা চলাচলে বাধা দেয়ার পাশাপাশি গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করা হয়েছে। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেও সমাধানের চেষ্টা করা হয়। তবে এসব উদ্যোগের পরও রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচলের সুযোগ ফিরে পাননি তারা। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। আদালতের নির্দেশে ভূমি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করা হয়েছে বলেও দাবি তাদের।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাখাল সূত্রধরের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ সময় তিনি উল্টো সাংবাদিকদের মুঠোফোনে একাধিকবার ভিডিও ধারণ করেন।

এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধের বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম সালিশ অনুষ্ঠিত হলেও অভিযুক্ত ব্যক্তি সালিশের সিদ্ধান্ত মানেননি। এ কারণে তাকে স্থানীয় পঞ্চায়েত থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।

চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে গ্রাম আদালতে আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।