বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

কুবিতে বিদ্যুৎ সাশ্রয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

আব্দুল্লাহ আল মামুন, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৯

শেয়ার

কুবিতে বিদ্যুৎ সাশ্রয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও প্রশাসনিক ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ‘সোলার পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়নসহ আট দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া এক লিখিত আবেদনে এসব প্রস্তাব তুলে ধরেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত।

আবেদনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় হিসেবে ক্যাম্পাস গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় কমানোর ক্ষেত্রেও সৌরবিদ্যুৎ ভূমিকা রাখতে পারে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবন ও অন্যান্য উপযুক্ত স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রদলের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভবন ও স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, একটি সমন্বিত ‘সোলার পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়ন করে ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়ন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।

এ ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন, CSR ও অন্যান্য বৈধ অর্থায়নের সুযোগ অনুসন্ধানের প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাবে প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল, পরিবেশ ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে ব্যবহারিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে ব্যবহারের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের দাবি জানানো হয়।

প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে ছাত্রদল।

আবেদনে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে এটি শুধু বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে না; বরং টেকসই, সবুজ ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

“কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়েছি। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।”

এ বিষয়ে মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতবলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সময়োপযোগী একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”