জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যাক্তি বৃহস্পতিবার সকালে রেললাইন এলাকায় চলাফেরা করতে দেখেছেন অনেকেই। কিছুক্ষণ পরে তার খন্ড বিখন্ড মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের আশপাশে পড়ে ছিল। পাশাপাশি মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দা চান মিয়া বলেন, সকালে তিনি ওই ব্যক্তিকে বোতল থেকে পানি পান করতে দেখেছেন। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, তিনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
আরও পড়ুন:







