বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৮

শেয়ার

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা
ছবি: বাংলা এডিশন

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামে এক ব্যক্তির একটি ভবনে এডিস মশার লার্ভা শনাক্ত হলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনগুলোর বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে ভবনমালিক ও সংশ্লিষ্টদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ভবনের আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গুর হটস্পট শনাক্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেয়ার আহ্বান জানান তিনি।​