ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ইয়াছমিন নামে এক নারী দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আটককৃত ইয়াছমিন সরাইল উপজেলা সদরের সকাল বাজার এলাকার ছাদেক মিয়া-র মেয়ে। দীর্ঘদিন যাবত তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের হয়ে রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভুল বুঝিয়ে সেখানে পাঠানোর কাজে নিয়োজিত।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছমিন নিজেকে সরাইলের আনন্দ মেডিকেল (যেটি বর্তমানে হাজী খায়রুন হাসপাতাল এন্ড ডিজিটাল প্যাথলজি সেন্টার নামে পরিচালিত) এর বেতনভুক্ত কর্মী হিসেবে পরিচয় দেন এবং প্রতিষ্ঠানটির হয়ে এ ধরনের কাজ করার কথা জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল আটকের খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার। তিনি বলেন, ইয়াছমিনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ৫২ ধারায় সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ ঘটনায় হাসপাতাল থেকে রোগী অন্যত্র নেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের প্রতিনিধিদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যাতে প্রভাবিত করে অন্যত্র নেওয়া না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







