বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত, আটক এক

জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬

শেয়ার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত, আটক এক
ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামে মাদকাসক্ত ভাতিজার ধারালো দায়ের কোপে রোকিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকিয়া বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রোকিয়া বেগম নিজ বসতঘরের সামনে চার মাস বয়সি শিশুকে দুধপান করাচ্ছিলেন। এ সময় তাঁর প্রতিবেশী ভাসুরের ছেলে আরিফুল ইসলাম মাদক কেনার জন্য তাঁর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরিফুল ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রোকিয়ার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর আরিফুল গোসল করে নিজ ঘরে চলে যান। তাঁর পরনে রক্তমাখা প্যান্ট দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।