বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

আ না ম আয়েসকে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইমির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৫

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৭

শেয়ার

আ না ম আয়েসকে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইমির বিরুদ্ধে
ছবি সংগৃহীত

রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি ও জুলাই সংগঠক আ ন ম আয়াসকে পঙ্গু করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বুধবার রাতে অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া এস কে তাসনিম আফরোজ ইমি তাঁর ফেসবুক আইডি থেকে আ ন ম আয়াসকে পঙ্গু করার হুমকিসংবলিত পোস্ট করেছেন। ডাকসু নির্বাচনে ইমি ৬৮ ভোট পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্ট নিয়ে অভিযোগ

অভিযোগে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর এস কে তাসনিম আফরোজ ইমির ভেরিফায়েড ফেসবুক পেজে আ ন ম আয়াসের ছবি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তাঁকে পঙ্গু করে দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমর্থন ও উদ্‌যাপন করার কথা বলা হয়েছে। একই পোস্টে গত দুই বছরে জঙ্গিদের কর্মকাণ্ডের উল্লেখ করে তাদের থামানোর কথাও বলা হয়।

রাষ্ট্রসংলাপ ফোরামের অভিযোগে আরও বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আ ন ম আয়াসকে বিভিন্ন মাধ্যমে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এস কে তাসনিম আফরোজ ইমি নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে দুই মাস জেল খেটেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

আয়াসের নিরাপত্তাহীনতার দাবি

আ ন ম আয়াসের দাবি, ফেসবুকে প্রকাশ্যে মৃত্যুর হুমকি দেওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে এস কে তাসনিম আফরোজ ইমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাঁকে কয়েকবার ফোন দেওয়া হয়।

খবর২৪ পেজ নিয়েও অভিযোগ

রাষ্ট্রসংলাপ ফোরামের লিখিত অভিযোগে খবর২৪ নামের একটি ফেসবুক পেজের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, ওই পেজ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে বিভিন্ন বক্তব্য ও পোস্ট প্রচার, বর্তমান প্রধানমন্ত্রীকে কটাক্ষ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অবমাননা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, ওই পেজের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

শাহবাগ থানার উপপরিদর্শক মো. হাসান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের সভাপতি আ ন ম আয়াসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।