বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

'অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

'অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে'
ছবি: বাংলা এডিশন

দেশবিরোধী বিভিন্ন যড়যন্ত্র রুখে দেয়ার জন্য চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এমপি সাঈদ আল নোমান বলেন, “অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে।”

বুধবার দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় এমপি সাঈদ আল নোমানের পক্ষ থেকে চট্টগ্রাম শহরের বেশ কিছু পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। শহরের বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি এলাকাসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ জায়গায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে এমপি সাঈদ আল নোমান বলেন, “আমাদের সংগ্রাম কোনো ক্ষণিকের কর্মসূচি নয়—আমরা অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। কারণ আলোকে তার প্রকৃত অর্থ বুঝতে হলে অন্ধকারকেও চিনতে হয়।”

জাতীয়তাবাদী সকল সহযোদ্ধাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “জাতীয়তাবাদী সকল সহযোদ্ধা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংহত অবস্থান বজায় রেখে চলমান কর্মসূচি অব্যাহত রাখুন। এটি শুধু আমার নয়—এটি জনগণেরও অনুরোধ। সেই প্রায় ১৮ বছরে সংঘঠিত দেশবিরোধী অধ্যায় নিশ্চয়ই কেউ ভুলিনি; ঐক্য, সংযম ও গণতান্ত্রিক শক্তিতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান অটুট রাখুন।”