হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর অটোরিকশার নিবন্ধন নম্বর হবিগঞ্জ-থ-১১-৪৩৪০।
স্বজনরা জানান, সোমবার রাতে বাহুবল বাজার এলাকা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তুহিনের বলে শনাক্ত করেন। তাঁর অটোরিকশাটিও পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসাইন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তুহিনকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:







