কুমিল্লার মুরাদনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবি নামে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবি ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
ঘটনার পর মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান শুরু করে।
পুলিশের দাবি, আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার প্রায় ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—মো. মোস্তাক আহমেদ ওরফে আবু, হুনুফা বেগম ও ইতি। পুলিশ জানায়, মোস্তাক আহমেদ নিহতদের আপন চাচা ও মামলার মূল আসামি। হুনুফা তার স্ত্রী এবং ইতি তার পালিত কন্যা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওই দুজনকে হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, জেলা পুলিশ, কুমিল্লা।
আরও পড়ুন:





.jpg)

