বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

নওগাঁয় বিগ ক্যান্টিলিভার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, ওসির হুমকি

রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭

শেয়ার

নওগাঁয় বিগ ক্যান্টিলিভার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, ওসির হুমকি
ছবি সংগৃহীত

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন পথচারীদের পথ নির্দেশক বিগ ক্যান্টিলিভার নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেওয়ার পর স্থানীয় দুই বাসিন্দাকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

রাতে নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের আপত্তি

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকার গোলচত্বরের দক্ষিণ পাশে বিগ ক্যান্টিলিভার নির্মাণের কাজ চলছিল। এ সময় স্থানীয় কয়েকজন কাজের গুণগত মান এবং রাতে সরকারি গুরুত্বপূর্ণ নির্মাণকাজ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান নিয়েও তাদের সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে তাদের প্রতিবাদের মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশকে জানালে ওসি খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছে প্রতিবাদকারীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ফেরিঘাটের ব্যবসায়ী সৈকত ট্রেডার্সের প্রোপ্রাইটর সাইদুর রহমান এবং মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানাকে ওসি ধমক ও হুমকি দেন।

সৈকত ট্রেডার্সের প্রোপ্রাইটর সাইদুর রহমান বলেন, কাজে অনিয়ম দেখে তারা প্রাথমিকভাবে নির্মাণকাজ করতে নিষেধ করেন। কারণ, অনিয়ম হলে মানুষের প্রাণের ঝুঁকি হতে পারে। কিন্তু ওসি খোরশেদ আলম ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মাসুদ বলেন, রাতের আঁধারে কাজ চলছিল এবং তারা সেখানে অনিয়ম দেখতে পান। এ কারণে তারা কাজটি কাগজপত্র অনুযায়ী সকালে করার কথা বলেন। পরে প্রকৌশলী ওসিকে ফোন করলে কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলে আসেন। কাজের অনিয়মের বিষয়টি জানালে ওসি তাদের থানায় গেলে দেখে নেওয়া এবং ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সওজের বক্তব্যে রাতে কাজের কারণ ও নিয়মের বিষয়টি

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুনরায় বিগ ক্যান্টিলিভার নির্মাণকাজ শুরু হয়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়রা বেইজ বা সাব-বেইজের ঢালাই, আরসিসি, রড, সিমেন্ট, ইট ও খোয়ার মান যথাযথ আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ নির্মাণকাজ রাতে করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন করেন তারা।

সওজের এসডিও সুলতানা খানম জানান, যানজট ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতে ক্যান্টিলিভার স্থাপনের কাজ করছিলেন। তবে সিডিউল অনুযায়ী রাতে কাজ করা ঠিক নয়।

হুমকির অভিযোগ অস্বীকার ওসির

মান্দা থানার ওসি খোরশেদ আলম হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে জানান। প্রত্যক্ষদর্শী অনেকেই এমন কথা বলেছেন জানানো হলে তিনি প্রশ্ন করেন, তাকে কি অভিযোগ করা হচ্ছে। সত্য জানার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেখানে গিয়ে কথা বলতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।