মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩১ ভাদ্র, ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে বিজয়নগরে ৪০০ পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার এক

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৪

শেয়ার

মাদকবিরোধী অভিযানে বিজয়নগরে ৪০০ পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পত্তন ইউনিয়নের টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মো. শাহ আলমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহ আলম বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লক্ষ্মীমুড়া (হাজীবাড়ী) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল খায়ের এবং মায়ের নাম সুফিয়া বেগম।

অভিযান শেষে উদ্ধার করা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদত হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের অবৈধ কারবার, সরবরাহ ও পরিবহন প্রতিরোধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা, সরবরাহ ও পরিবহনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।