মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩১ ভাদ্র, ১৪৩৩

আমরা দুর্নীতি করলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই করি: পরিবেশমন্ত্রী

রাকিবুল ইসলাম (লক্ষ্মীপুর প্রতিনিধি)

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪২

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৮

শেয়ার

আমরা দুর্নীতি করলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই করি: পরিবেশমন্ত্রী
ছবি: বাংলা এডিশন

দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। আমি যদি দুর্নীতি করি, তাহলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই করি। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি কমিয়ে আনতে প্রশাসনসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।