মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩১ ভাদ্র, ১৪৩৩

কৌতূহলের বশে মাগুরা থেকে দৌলতদিয়ায় পাঁচ শিশু,পুলিশের সহায়তায় ফিরল বাড়ি

হামজা শেখ,রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪২

শেয়ার

কৌতূহলের বশে মাগুরা থেকে দৌলতদিয়ায় পাঁচ শিশু,পুলিশের সহায়তায় ফিরল বাড়ি
ছবি: বাংলা এডিশন

বাড়ি থেকে কাউকে না জানিয়ে একসঙ্গে বেরিয়ে পড়েছিল পাঁচ শিশু। কৌতূহল আর দুরন্তপনায় মাগুরা থেকে তারা চলে আসে রাজবাড়ীর দৌলতদিয়ায়।

তবে গন্তব্যে এসে কী করবে বুঝতে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল তারা। পরে পুলিশের নজরে পড়লে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া পাঁচ শিশু হলো—মো. হিরোন, জিসান, আবুজার, মো. আব্দুল্লাহ ও খালিদ বিশ্বাস। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচজনই একে অপরের বন্ধু। সোমবার সকালে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়। মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে দৌলতদিয়ায় পৌঁছায়। সেখানে এসে বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকে।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের নজরে এলে সদস্যরা শিশুদের কাছে গিয়ে তাদের পরিচয় ও এখানে আসার কারণ জানতে চান। জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, কৌতূহল থেকেই তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে দৌলতদিয়ায় এসেছে।

এরই মধ্যে সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। শিশুদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। পরে খবর পেয়ে স্বজনরা থানায় এসে উপস্থিত হন।

সবশেষে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচ শিশুকেই তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেয় পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে দৌলতদিয়ায় চলে আসে। পরে অভিভাবকদের খবর দিয়ে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।