ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে কথা কাটাকাটির পর তারিন আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তারিন আক্তার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকার রওশন আলীর মেয়ে। তার স্বামী সবুজ মিয়া বর্তমানে প্রবাসে রয়েছেন। গত ১২ সেপ্টেম্বর অসুস্থ মাকে দেখতে তারিন বাবার বাড়ি পূর্ব কুট্টাপাড়ায় আসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তারিন তার স্বামী সবুজ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি রাগান্বিত হয়ে বাবার বাড়ির টিনশেড বসতঘরের একটি কক্ষে চলে যান।
পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ভাবী জ্যোতিসহ পরিবারের সদস্যরা ঘরের পূর্ব পাশের দরজা দিয়ে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারিন আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
তবে তারিন আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন:







