চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠানে খেলতে গিয়ে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের সিন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো–ওরিন (২) ও নুরিন (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। ওরিনের বাবার নাম মোহাম্মদ নাছির উদ্দিন এবং নুরিনের বাবার নাম মোহাম্মদ মহিবুল্লাহ, স্থানীয়ভাবে যিনি সাহাব মিয়া নামে পরিচিত।
স্থানীয় ইউপি সদস্য মো. আহমদ কবির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। মাগরিবের নামাজের সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে গেলে কোনো একসময় ওরিন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নুরিনও পুকুরে পড়ে গেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
নিহত শিশুদের ছোট চাচা মো. ফরহাদ বলেন, ‘দুই শিশু বিকেলে বাড়ির উঠানে খেলছিল। মাগরিবের নামাজের জন্য পরিবারের সবাই বাড়িতে প্রবেশ করলে কিছুক্ষণ পর তাদের আর দেখা যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের পাওয়া যায়।’
তিনি জানান, শিশু দুটির দাদি আমেনা বেগম পুকুরের কাছে গিয়ে একজনের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
সোমবার রাত ১০টার দিকে পশ্চিম চাম্বলের স্থানীয় জাব্বারীয়া ইসলামীয়া নূরানী ও হেফজ মাদরাসা মাঠে দুই শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







