মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে নূরনগর গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা, মাদক কারবারের সামাজিক কুফল এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ।” তিনি মাদক কারবারি ও মাদকাসক্তদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আরও বলেন, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা; মোঃ মারুফ রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা; মোঃ সিরাজুল ইসলাম মনি, সভাপতি, পৌর বিএনপি, চুয়াডাঙ্গা। এছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও নূরনগর গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম মুজদা।
মতবিনিময় পর্বে স্থানীয় জনগণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলার সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
আরও পড়ুন:







