যশোরের অভয়নগরে ১০ মাস বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মিম খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীর পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ইসলামি শরিয়াহ মোতাবেক হাসিবুজ্জামানের সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে রাফসান (১০ মাস) নামে একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিম খাতুন শিশুসন্তান রাফসানকে নিয়ে পিতার বাড়ি ঘোড়াদাইড় যাওয়ার উদ্দেশ্যে অভয়নগরের কোটা এলাকার বাসা থেকে বের হন। এ সময় পরিবারের এক সদস্য তাঁকে কিছুদূর এগিয়ে দেন।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি পিতার বাড়িতে না পৌঁছানোয় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মিম খাতুন ও তাঁর শিশুসন্তানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিম খাতুন টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ কারণে তিনি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অভয়নগর থানার ওসি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







