ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর ধরে পড়ে থাকা সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। সাত দিনের মধ্যে কাজ পুনরায় শুরু না হলে নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ ট্যাক্স দেয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় পাঁচ বছর আগে নির্মাণকাজ শুরু হলেও মল্লিকপুর থেকে সূর্যপাশা স্কুল পর্যন্ত সড়ক, শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা সড়কসহ ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’-এর আওতাধীন আটটি সড়কের নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সড়কগুলোর নির্মাণকাজ শেষ না হওয়ায় কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
তাঁদের অভিযোগ, সড়কগুলোর বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে নারী, গর্ভবতী নারী, প্রসূতি ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সূর্যপাশা-মোনাইবাড়ি এলাকায় আবদুর রাজ্জাক ফরহাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের দিকে গেলেও ভাঙাচোরা সড়কের কারণে গাড়িটি আটকে যায়। এতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং পুরো ঘর পুড়ে যায় বলে তাঁরা দাবি করেন।
এ সময় বক্তারা সাত দিনের মধ্যে বন্ধ থাকা সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি জানান। অন্যথায় নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সব ধরনের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবেন বলেও ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক নজরুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী মনির হোসেন, ব্যবসায়ী আবদুস সালাম, প্রভাষক নাসির উদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি ও স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম হোসেন, মোহন তালুকদার, দুলাল হোসেন, ইষান তালুকদার, বাদল হোসেনসহ স্থানীয় শতাধিক বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার মাধ্যমে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’-এর আওতায় ২০২০-২১ অর্থবছরে মল্লিকপুর থেকে সূর্যপাশা স্কুল পর্যন্ত প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক নির্মাণে দুটি প্যাকেজে ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই দুটি কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিন্স কনস্ট্রাকশন ও খন্দকার ব্রাদার্স। তবে পাঁচ বছরেও কাজ শেষ হয়নি।
এ ছাড়া শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা পর্যন্ত ৬০০ মিটার সড়ক নির্মাণে ৪৮ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কের নির্মাণকাজও দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
আরও পড়ুন:







