ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ফেরদৌস আক্তার প্রকাশ সাথী নামে এক নারীকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার জেলার সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল সোমবার পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ফেরদৌস আক্তার প্রকাশ সাথীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফেরদৌস আক্তার প্রকাশ সাথী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটতলী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত এরশাদ মিয়ার মেয়ে এবং আকতার হোসেনের স্ত্রী।
অভিযানের পর উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে ফেরদৌস আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







