শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪২

শেয়ার

কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে বাসের ধাক্কায় মাহির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হাজীপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম।

নিহত মাহির উপজেলার দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মহিউদ্দিন কুয়াকাটা পৌরসভা এলাকার বাসিন্দা এবং পেশায় ঝিনুক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে মাহির উপজেলার হাজীপুর এলাকায় নানা ওহিদ শিকদারের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নানা ওহিদ শিকদারের সঙ্গে বরিশালে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস মাহিরকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কলাপাড়া থানার (ওসি) মো নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।