হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকালে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে হাওড়ে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জায়গাজমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন:







