ছানি অপারেশনের জন্য খাগড়াছড়ির ৮৪ জন চক্ষু রোগীকে চট্টগ্রামে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রোগীদের চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ওই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক্যাম্পে পরীক্ষা শেষে ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে—এমন ১৫৫ জন রোগীকে চিহ্নিত করা হয়। পর্যায়ক্রমে তাদের চট্টগ্রাম নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এর অংশ হিসেবে প্রথম ধাপে ৮৪ জনকে পাঠানো হয়েছে। বাকি ৭১ জনকেও পরবর্তী ধাপে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেয়ার কথা রয়েছে।
প্রথম দফায় চট্টগ্রামে পাঠানো রোগীদের মধ্যে ৪৬ জন পাহাড়ি ও ৩৮ জন বাঙালি জনগোষ্ঠীর।
তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৫০ জন নারী।
চট্টগ্রামে চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পর সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রোগীদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অর্থের পাশাপাশি বড় বাধা যোগাযোগব্যবস্থা। ফলে চোখের সমস্যায় আক্রান্ত অনেকেই সময়মতো চিকিৎসা নিতে পারেন না।
এমন পরিস্থিতিতে বিনামূল্যে পরীক্ষা ও ছানি অপারেশনের সুযোগ পাওয়ায় উপকারভোগী রোগীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







