শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি মদ, সিরাপসহ এক লাখ ৭৯ হাজার টাকার মালামাল আটক

কে এম জারিদুল,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি মদ, সিরাপসহ এক লাখ ৭৯ হাজার টাকার মালামাল আটক
ছবি: বাংলা এডিশন

যশোরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ ও চোরাচালানী পণ্যসহ প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রবিবার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

৪৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ০৮ বোতল বিদেশি মদ, ০৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ০২ প্যাকেট ফুসকা ও ০৫টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৭৯,২০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি বলেন, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান পাচার চক্র আটকের জন্য সীমান্তে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।