ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
রবিবার সন্ধ্যা ও রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এবং নবাবগঞ্জের দড়িকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আবির দেওয়ান সাহস (২৫) ও মো. মনির হোসেন ওরফে মাস্টার (৫৭)। আবির দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা এবং যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের পদধারী বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা এলাকার বাসিন্দা। তিনি নবাবগঞ্জ থানা যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে আবির দেওয়ান সাহসকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৮টা ৫ মিনিটে নবাবগঞ্জ থানার দড়িকান্দা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবির অপর একটি দল।
ঢাকা জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার দুজনকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







